ফেনীতে জাপান ফুটবল এসোসিয়েশন (জেএফএ) এর সার্বিক সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছে। খেলাধুলাতেও মেয়েরা পিছিয়ে নেই। নারী ফুটবলের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ সৃষ্টি করতে বাফুফের কার্যক্রম আরও জোরদার করার আহবান জানান তিনি।
ফেনী পৌর বিএনপির আহবায়ক ও ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
ক্রীড়া সংগঠক মো: তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ফেনী ভেন্যুতে মোট ৮টি দল অংশগ্রহণ করছেন । গ্রুপ ‘এ’-তে রয়েছে ফেনী, রাঙামাটি, সিলেট ও কুমিল্লা। গ্রুপ ‘বি’-তে আছেন খাগড়াছড়ি, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা দল। প্রতিযোগিতার খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে কুমিল্লা জেলা দল ২-০ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। একইদিনের অপর ম্যাচে রাঙামাটি জেলা দল ৫-০ গোলে সিলেট জেলা দলকে পরাজিত করে । আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।