ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই যুব সমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার জন্য। ইসলামের দৃষ্টিভঙ্গি ও গণতন্ত্র এক নয়। চরমোনাই কোনো ধর্মের ব্যবসা করে না। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ধর্মচর্চা ও ইসলামের পরিচর্যা ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ। এর মাধ্যমে তাদের আকিদা ও ঈমান আরও সুদৃঢ় হয়।”
তিনি আরও বলেন, নবী করিম (সা.)-এর সুন্নাহ ও আমল মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে দাওয়াত দিতে হবে। চরমোনাইয়ের হাজার হাজার মুরিদ জিকির করতে করতে মৃত্যুবরণ করেছেন। যারা আল্লাহর জিকির ও চোখের পানি লাভ করবে, আল্লাহ তায়ালা তাদের আরশের ছায়া দান করবেন। ওলির বহুবচন আউলিয়া। ওলি হচ্ছেন আল্লাহর বন্ধু। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া রয়েছে, তারাই প্রকৃত অর্থে আল্লাহর প্রিয় বান্দা।
শুক্রবার (১৫ মে) রাতে ফেনী শহরের মিজান ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী শাখার আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় মাহফিলে আরও বক্তব্য দেন ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক শাইখ জাকারিয়া, মুফতি মিজানুর রহমান সাঈদ, দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি ইউসুফ কাসেমী, মাওলানা নুরুল করিম বেলালী, মহিপাল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা তৈয়ব সুলতানী এবং প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা যুব আন্দোলনের সভাপতি জাহিদ হাসান চৌধুরী,জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরীসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা।