রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির রাজশাহী মহানগর শাখা। অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে আসা প্রায় ৫০ জন নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে বরণ করেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় মঞ্চ থেকে নবাগতদের আগের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি জানান, অনুষ্ঠানে মোট ৫০০ জন এনসিপিতে যোগ দিয়েছেন।
আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। সারজিস আলম আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে বেগম খালেদা জিয়া ও মেজর জিয়াকে সামনে রেখে। তারেক রহমান তাঁর যোগ্য পিতা-মাতার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ পেয়েছেন। তাঁকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি এই সুযোগটা কাজে লাগাবেন কি না। কিন্তু আমরা যখন দেখি আওয়ামী লীগের সময়ে যেভাবে মিডিয়া দখল করা হতো, তাঁর সময়ে একই কায়দায় মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই দলীয় নেতাকর্মী দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তখন আমরা আগের যে বাংলাদেশ ছিল- সেই বাংলাদেশের লক্ষণ আমরা আবারও দেখতে পাই।’ সারজিস বলেন, ‘অভ্যুত্থানের আগে বাংলাদেশে চাঁদাবাজি হতো। এখনও হচ্ছে। যেগুলোর কারণে একটা অভ্যুত্থান হয়েছে, সেই কাজগুলো যদি বিএনপির নেতাকর্মীদের দিয়ে আবারও হয়, তাহলে আমরা আগামী দিনে বিএনপির রাজনীতি নিয়ে শঙ্কিত। আমরা বিশ্বাস করি, এই রাজনীতি করে আগামীর বাংলাদেশে কেউ আর টিকে থাকতে পারবে না।’
সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও চাঁদপুরের মতো রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাব সেই কার্ডের নাম হলো লাল কার্ড। এই লালকার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।’ শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সরকারকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কি না সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ, জনগণ ভোট দিয়েছে। জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
