× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অর্থনীতি সচল রাখলেও স্বাস্থ্যসেবা অনিশ্চিত; হাসপাতাল চালুর দাবিতে কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

১৭ মে ২০২৬, ০৮:৫৩ এএম

“চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে”—এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল দ্রুত চালুর দাবিতে রাজপথে নেমেছেন শত শত চা শ্রমিক। আজ শনিবার (১৬ মে) সকাল ৯টায় উপজেলার আলীনগর চা বাগানের ফ্যাক্টরি গেটে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডাবলছড়া চা বাগানের পঞ্চায়েত, সাধারণ শ্রমিক, ছাত্র ও যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় এক হাজার নারী-পুরুষ শ্রমিক ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

জানা যায়, গত ২৬ মার্চ রাতে শমশেরনগর চা-বাগানের শ্রমিক বাবুল রবিদাসের ১৩ বছর বয়সী মেয়ে ঐশী রবিদাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং পরদিন সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ঘটনার পর দেড় মাসেরও বেশি সময় পার হলেও হাসপাতালটি এখনো চালু হয়নি।

ক্যামেলিয়া হাসপাতালটি বন্ধ থাকায় কমলগঞ্জ ও এর আশপাশের ৩৫টি চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক ও তাদের পরিবার চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা জরুরি চিকিৎসা, মাতৃসেবা, শিশু চিকিৎসা এবং দুর্ঘটনাজনিত সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন।

শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "অধিকাংশ চা শ্রমিকের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই। ফলে সাধারণ জ্বর-সর্দি থেকে শুরু করে প্রসূতি মায়েদের জটিল অস্ত্রোপচারের মতো জরুরি প্রয়োজনেও তারা মানবেতর জীবন কাটাচ্ছেন।"

শমশেরনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি। তিনি বলেন, “চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের মৌলিক স্বাস্থ্যসেবা এখনও অনিশ্চিত। এই হাসপাতালটি দ্রুত চালু করা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও শ্রমিক নেতা সীতারাম বিন, শিক্ষক ও শ্রমিক নেতা নির্মল দাস পাইনকা, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব মিয়া, ইউপি সদস্য কিরন কুমার বৈদ্য, রামবিরিচ কৈরি, গৌরি রানী কৈরী এবং কামারছড়া চা বাগানের সভাপতি দিলিপ কৈরী প্রমুখ।

এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন দেওছড়া চা বাগানের সভাপতি শংকর রবিদাস, কানিহাটি চা বাগানের সভাপতি প্রতাপ রিকিয়াসন, বাঘীছড়া চা বাগানের সভাপতি লচমী রবিদাস এবং ভাবলছড়া চা বাগানের সভাপতি সঞ্জু তাঁতি।

হাসপাতালটি চালুর বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, “হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটি পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

দেশের চা শিল্প রপ্তানি আয় ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎস হলেও শ্রমিকদের স্বাস্থ্যসেবা বরাবরই উপেক্ষিত। দেশের অধিকাংশ বাগানেই পর্যাপ্ত চিকিৎসক, জীবনরক্ষাকারী ওষুধ ও আধুনিক সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা এখানে অত্যন্ত সীমিত। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যামেলিয়া হাসপাতালটি পুনরায় চালু করা কেবল একটি প্রতিষ্ঠান খোলার বিষয় নয়, বরং হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষের বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকার নিশ্চিত করার লড়াই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.