× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৭ মে ২০২৬, ১৪:৫৬ পিএম

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে জেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনটি। নীলফামারী রেলস্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ভেঙে পড়া একটি বড় গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিনের সামনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পরপরই সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে ওই রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়েন শতাধিক যাত্রী। অনেকে বিকল্প যানবাহনের খোঁজে পড়েন ভোগান্তিতে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় জানান, “ঘটনার খবর পাওয়ার পর পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করছি বিকেলের মধ্যে লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।”

তবে স্থানীয়রা বলছেন, রেললাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ নিয়মিত ছাঁটাই না করায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা রেলপথের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.