× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে চাপাতির আঘাতে ঝাঁজরা দেহ, সংকটাপন্ন ছাত্রলীগ নেতা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড

১৮ মে ২০২৬, ১০:৪৫ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. জাকারিয়া জিলান নামে ছাত্রলীগের এক নেতাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার শরীরে সেলাই বা ইনজেকশন দেওয়ার মতো জায়গাও অবশিষ্ট ছিল না।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিলান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলতাপ হোসেন জানান, দুর্বৃত্তরা জিলানকে এত বেশি কুপিয়েছে যে ক্ষতস্থানে সেলাই বা ইনজেকশন দেওয়ার মতো জায়গা পাওয়া যায়নি। তার শরীরে ৯–১০টি গভীর কোপের চিহ্ন রয়েছে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ এলাকায় মোবাইলে কথা বলার সময় হঠাৎ পেছন থেকে দুর্বৃত্তরা জিলানের ওপর হামলা চালায়। হামলাকারীর নাম সাইমন বলে জানা গেছে। এলোপাতাড়ি কোপে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম উদ্দিন বলেন, অভিযুক্ত কাজী মো. সাইমন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নন; তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। ঘটনাটি রাজনৈতিক নয় বলেও দাবি করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী সাইমন নামের এক ব্যক্তি পূর্ব বিরোধের জেরে হামলা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.