মাদারীপুরে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে ‘মধুকোষ’-এর আধুনিক ও উৎপাদনমুখী মেশিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার বিকেলে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, সম্প্রসারণ কর্মকর্তা এস.এম. সৈকত মাহমুদ রনি, সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় সরকার, উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সরকার এবং কৃষি সম্প্রসারণ অফিসার পল্লব কুমার বাগচীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্যোক্তা আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান 'হানি বাংলাদেশ' মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরীতে এই প্রথমবারের মতো তাদের এই উৎপাদনমুখী বাণিজ্যিক যাত্রা শুরু করল। উদ্বোধনী অনুষ্ঠানে হানি বাংলাদেশের কর্ণধার আনোয়ার সরদার তাঁর অনুভূতি প্রকাশ করে জানান, সমগ্র দক্ষিণবঙ্গের ২০টি জেলায় একমাত্র তাঁদের প্রতিষ্ঠানই এই বিশেষায়িত ও মানসম্মত মধু উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করে থাকে। তিনি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, “মধুকোষ”-এর এই নতুন যাত্রা যেন মাদারীপুরসহ দক্ষিণবঙ্গের অর্থনৈতিক সম্ভাবনা, উন্নয়ন ও স্বপ্নের এক অনন্য অধ্যায়ের সূচনা করল। এই আধুনিক ও শুভ উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলে মৌচাষের সম্প্রসারণ এবং ঘরে ঘরে খাঁটি মধুর প্রসারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।