রংপুরে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব। এ কর্মসূচি থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সোমবার (১৮ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন সমাবেশে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও ইন্টার্ন শিক্ষার্থীরা অংশ নেন
কর্মসূচিতে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহুরুল হক, ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শরীফুল ইসলাম নন্তু, মহানগর সভাপতি ডা. নিখিলেন্দু শংকর গুহ রায়, রমেক শাখার আহ্বায়ক ডা. জাবেদ আখতার, ড্যাব নেতা ডা. মারুফুল ইসলামসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাসির ইসলাম ও দায়িত্বরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের উপর হামলার যে ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগের। চিকিৎসকরা জীবন ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। সেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিজ কর্মস্থলে নিরাপত্তা পাচ্ছে না।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, কোন রোগী মারা গেলে দায়িত্ব অবহেলা কিংবা ভুল চিকিৎসা বলে অভিযোগ তোলা হয়, অথচ এই তদন্ত ছাড়া এই দুটি অভিযোগ প্রমাণ করা যায় না। প্রতিটি চিকিৎসক আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসাসেবা দেন। এভাবে হাসপাতালে হামলার শিকার হলে চিকিৎসকরা সঠিকভাবে সেবা দিতে পারবেন না। তাই চিকিৎসকের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতে হবে। ।