রংপুরে জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল ৩টায় নগরীর রংপুর জেলা স্কুল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুরের পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তির ভালো ও খারাপ উভয় দিক সম্পর্কে সচেতন থাকতে হবে। সমাজ ও মানবকল্যাণে কাজে লাগে এমন উদ্ভাবনী ধারণা নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসার ঘটলে দেশ আরও সমৃদ্ধ হবে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি সম্পর্কে মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা করেন।
জানা গেছে, এবারের আয়োজনে রংপুরের আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মেলায় মোট ৪৮টি স্টল স্থান পেয়েছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।