ফেনীর পরশুরাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭১ টি সমিতির প্রায় তিন শতাধিক সদস্যের মিলনমেলায় পরিণত হয়। সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি এ সভার আয়োজন করে।
সমিতির সভাপতি আবু তালেব রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
অনুষ্ঠানে যোগদানের আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পরে বিআরডিবির অফিস চত্বরে গাছের চারা রোপন ও বিতরণ করেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম শাফায়াত আখতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক,জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ছাগলনাইয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জাফর হোসেন মজুমদার, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ,চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাগলনাইয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জাফর হোসেন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে।
এসময় সমিতির কর্মকর্তা, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।