মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” এবং কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস ও কৃষি মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার পিএফএস (PFS) ও নন-পিএফএস (Non-PFS) সদস্যসহ বিপুলসংখ্যক কৃষক প্রতিনিধি অংশ নেন।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দীন সরকার ও উপজেলা কৃষি অফিসার মোঃ মনোয়ার হোসেন।
কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের মাঠপর্যায়ে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সফল কৃষক প্রতিনিধি এবং কৃষি বিভাগের স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় আধুনিক বিভিন্ন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়, যা উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।