ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে অনুষ্ঠিত জেলা শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তীকে আহ্বায়ক এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার নাসিরনগর প্রতিনিধি শামীম আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।
আহ্বায়ক নিহারেন্দু চক্রবর্তী বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং নাসিরনগরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে আমরা একসঙ্গে কাজ করবো।”
সদস্য সচিব শামীম আহমেদ বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি একটি শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা তথ্য অফিসার দীপক দাস, জেলা শাখার প্রধান উপদেষ্টা লায়ন্স সুফি আসিফুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. জোনায়েদ হাসান এবং প্রশিক্ষক সাংবাদিক আনোয়ার হোসেন বেলালসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনামুল হক রিপন এবং সঞ্চালনায় ছিলেন মো. আবু তাহের। এছাড়া বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মতিন শানু।
দিনব্যাপী আয়োজনে কমিটি পরিচিতি পর্ব, সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, ফোনে ফোনে রক্তদান কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে নবগঠিত এ আহ্বায়ক কমিটিকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টদের আশা, এ কমিটি নাসিরনগরের সাংবাদিক সমাজের ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।