ছবি: সংবাদ সারাবেলা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগে নতুন চালু হওয়া প্রোগ্রাম নৃবিজ্ঞানে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)’-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একেবারে নতুন এক একাডেমিক যাত্রার অংশ হতে যাচ্ছ। নৃবিজ্ঞান এমন একটি বিষয়, যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের নানা দিককে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জানার সুযোগ রয়েছে। নতুন এই যাত্রাকে কৌতূহল ও উৎসাহ নিয়ে গ্রহণ করার আহ্বান জানাই।”
পিএসএস বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “নৃবিজ্ঞান এমন একটি আকর্ষণীয় বিষয়, যা মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বুঝতে সহায়তা করে। এই বিষয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের পৃথিবী ও এর জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিতে দেখা শিখতে হবে।”
এসআইপিজির পরিচালক অধ্যাপক এস.কে. তৌফিক এম. হক বলেন, “আন্তর্জাতিক মান ও চর্চা অনুসরণ করে এই কারিকুলাম তৈরি করা হয়েছে। এটি ব্যবহারিক, প্রয়োগভিত্তিক এবং সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
পিএসএস বিভাগের অধ্যাপক ও এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী শিক্ষার্থীদের সঙ্গে নৃবিজ্ঞান প্রোগ্রাম পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “তোমরা বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ তৈরির জন্য আমরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা গড়ে তুলছি। বাংলাদেশে নৃবিজ্ঞান শিক্ষার অন্যতম সেরা অভিজ্ঞতা তোমাদের দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা চাই, এনএসইউতে তোমাদের যাত্রা স্মরণীয় ও অর্থবহ হোক।”
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, “যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি শক্তিশালী একাডেমিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করি, নৃবিজ্ঞান প্রোগ্রামটি খুব শিগগিরই দেশের অন্যতম প্রাণবন্ত ও সম্ভাবনাময় প্রোগ্রামে পরিণত হবে।”
এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ ও পথপ্রদর্শক। আজ থেকে তোমরা এনএসইউ পরিবারের অংশ এবং বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা তোমাদের জন্য উন্মুক্ত। শুধু ভালোভাবে পড়াশোনা করা নয়, বরং এই নতুন প্রোগ্রামকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করাও তোমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সিরাজ। সফল আয়োজনের জন্য তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
