জামালপুরের মাদারগঞ্জে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নাগরিকদের সচেতনতা বাড়াতে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখন অনলাইনের মাধ্যমে দ্রুত ও সহজে বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি লাল চাকলাদার,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ ।
এসময় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের সেবাদাতা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।