ছবি: সংবাদ সারাবেলা।
বান্দরবানের রুমা উপজেলায় ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সরকারি ভূমি সেবা সহজভাবে জনগণের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী। তিনি বলেন, ভূমি সেবা ও নামজারি কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
ইউএনও বলেন, “আত্মীয়তা, পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের প্রভাব বিস্তার করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। জনগণের আস্থা ও ন্যায়বিচার রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
ভূমি সেবা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
ওয়ারিশ সনদে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, হেডম্যানদের মাধ্যমে ওয়ারিশ সনদ প্রদানের ক্ষেত্রে সরকারিভাবে কোনো নির্ধারিত ফি নেই। তবে ইউনিয়ন পরিষদের নির্ধারিত সরকারি ফি অনুযায়ী সেবা গ্রহণ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন রুমা-৩৬ বীর জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী স্বপন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাগর কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউছার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
ভূমি সেবা মেলা শেষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন ইউএনও।
তিনি বলেন, “রুমা উপজেলায় সরকারি প্রাথমিক শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতির হার উদ্বেগজনকভাবে পিছিয়ে পড়ছে। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রুমা-৩৬ বীর জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার বলেন, বাজারে অকটেন তেলের মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকের অনিয়ম ও দায়িত্বে অবহেলা উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করছেন না। তিনি বলেন, “একটি সমাজ ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সকলের আন্তরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
এ সময় সাংবাদিক উবাসিং মারমা উপজেলা হাসপাতালে চলমান দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ বিষয়ে ইউএনও লিজা আক্তার বিথী বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
