ছবি: সংবাদ সারাবেলা।
মৌলভীবজার স্ত্রী ও দুই সন্তানকে কানাডা রেখে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই ফের অবৈধভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে কানাডা প্রবাসী স্বামী হান্নান আহমেদ এর বিরুদ্ধে। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করেছেন কানাডা প্রবাসী স্ত্রী পারভিন তারাফদার।
মৌলভীবাজার মডেল থানায় ১৮ মে করা লিখিত অভিযোগে জানা যায়, পারভিন তারাফদার মৌলভীবাজার শহরের ১৩২ পুরাতন হাসপাতাল সড়কের মৃত ইসহাক মিয়া ছেলে হান্নান আহমেদ এর সাথে কানাডায় ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর আইনগত ভাবে বিবাহ আবদ্ধ হন। স্বামী সন্তান নিয়ে কানাডার ১২৬৯ ডেগেলামন ড্রাইভ, ঝ৪ঘ ৭ঘ৩ এলাকায় সম্মানের সাথে বসবাস করে আসছেন। যার কানাডিয়ান বিবাহ সনদের নম্বর : ২১৯৯৫০৪২২৩২০০।
সম্প্রতি পারভিন তরফদার জানতে পারেন, তার অজান্তেই অন্য নারীদের সাথে সম্পর্কে জড়িত হয়ে পড়েছেন। কয়েক বছর আগে হান্নান আহমেদ তার অজান্তে বাংলাদেশে আরেকটি বিয়ে করেন। সে সময় পরিবার ও আত্মীয়স্বজন বিষয়টি সমাধানের চেষ্টাও করেছিলেন। চলতি বছরে তিন থেকে চার মাস আগে হান্নান আহমেদ ওমরাহ পালন করতে সৌদি আরব যান এবং তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি আর এমন কাজ করবেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে পারভিন তারাফদার নির্ভরযোগ্য একটি সূত্রে জানতে পারেন তাদের বৈবাহিক সম্পর্ক আইনগত ভাবে বহাল থাকা অবস্থায় স্বামী হান্নান আহমেদ ১৮ মে সন্ধ্যায় বাংলাদেশে ফের আরেকটি বিবাহ করতে যাচ্ছেন।
এমন খবর পাওয়ার পর থেকে একজন স্ত্রী ও সন্তানের মা হিসেবে তার এই অনৈতিক কর্মকাণ্ডে তিনি গভীর ভাবে মানসিক কষ্ট পেয়ে অপমানিত ও অসহায় বোধ করছেন। এমন পরিস্থিতিতে বিষয়টি আইনগতভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানায় ১৮ মে একটি লিখিত অভিযোগ দেন।
এদিকে কানাডা প্রবাসী পারভিন তরফদার এর অভিযোগের সত্যতা জানতে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, ১৮ মে রাতে মৌলভীবাজার শহরের আদালত সড়কের একটি রেস্টুরেন্টে স্বামী হান্নান আহমেদ বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে এ আয়োজনে বর-কনে পক্ষের লোকজন উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না বর-কনে। জানা যায়, বিষয়টি কানাডায় থাকা প্রথম স্ত্রীর পক্ষের লোকজনের উপস্থিতি ও পুরো গোপন প্রক্রিয়াটি নিয়ে জানাজানি হওয়ায় তারা সেখানে উপস্থিত হননি।
এ বিষয়ে কানাডা প্রবাসী হান্নান আহমেদের ভাই মান্নান আহমেদের সাথে মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, বিষয়টি হান্নান আহমেদের ব্যক্তিগত। তার সাথে কথা বলেন। হান্নান আহমেদ এর মোবাইল নাম্বার চাইলে তিনি বলেন, বাংলাদেশী মোবাইল নাম্বার নেই। আমার অফিসে এসে সরাসরি কথা বলেন।
অভিযোগের বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি অবগত হয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
