ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং একই অভিযোগে একটি মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয় চলাকালে ক্লাসের বাইরে ঘোরাঘুরি করা কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।