ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে একই রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মহেশপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।