ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোঃ হায়দার মুন্সির বাড়ি থেকে একটি মোটর চুরি করে পালানোর সময় এলাকাবাসী রাজ্জাক বয়াতি নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য ছোহরাফ হোসেনন ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজ্জাক বয়াতি (৪০) উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের বয়াতি বাড়ির সুলতান বয়াতির ছেলে।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠিতে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”