× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদক মামলায় সাক্ষী হওয়ায় এক পরিবারের ওপর মাদক কারবারীদের হামলা

স্টাফ রিপোর্টার (কক্সবাজার):

২১ মে ২০২৬, ১৫:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে মাদক মামলায় সাক্ষী হওয়ায় ও র‍্যাবের সোর্স সন্দেহে এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আবু তাহের (৬৯) সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার বাসিন্দা। তিনি গত সোমবার (১৯ মে) টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে রাতে সাবরাং ডেগিল্যার বিল এলাকায় র‍্যাব-১৫ অভিযান চালিয়ে একটি লবণ বোঝাই ট্রাক থেকে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে। ওই মামলায় বাদীর ছেলে খালেদ মাহমুদ প্রকাশ রুবেল সাক্ষী হওয়ায় অভিযুক্তরা তাকে র‍্যাবের সোর্স সন্দেহ করে ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ১৬ মে বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলাকারীরা বাদীর বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ভাঙচুর করে নগদ ২ লাখ টাকা ও প্রায় সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে দাবি করা হয়েছে।

হামলায় অভিযুক্তরা হলেন— মহি উদ্দিন (৩৫), সলিম (৩০), ছিদ্দিক আহমদ (৩২), নোমান (৩৫), ইব্রাহীম (৩০), রবিউল ইসলাম (২২), সাইফুল ইসলাম (৩২), হেলাল উদ্দিন (৪০), ফারুক (৩৩) ও বাইট্টা হোছেন (৫০), এবং অজ্ঞাত আরও ৪/৫ জন।

পরে খালেদ মাহমুদকে জোরপূর্বক তুলে নিয়ে করাচীপাড়া বড় পুকুরের পশ্চিম পাশে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার বড় ভাই আবুল মনজুরকেও কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

একই সময়ে হামলাকারীরা বাদীর চাচাতো ভাই দিল মোহাম্মদের মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। দোকানের ক্যাশবাক্স থেকে ৫০ হাজার টাকা এবং প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সেই সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা আহতদের মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী আবু তাহের বলেন, “আমার ছেলে মাদক মামলায় সাক্ষী হওয়ায় পরিকল্পিতভাবে আমাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আমার দুই ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও জানান, হামলাকারীরা তার পুরাতন বসতভিটায় প্রবেশ করে ফলজ ও বনজ গাছ কেটে এবং ঘের-বেড়া ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আবু তাহেরের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.