জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলার বালিজুড়ী খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান বিকম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, বালিজুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বালিজুড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬২৫ টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মিলারদের কাছ থেকে ১ হাজার ৩০ টন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলেও জানান তিনি।