মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে থাকা ভারতীয় দম্পতি মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টার দিকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে ভারতীয় এই দম্পতিকে মুক্তি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন কারাগারের ডেপুটি জেলার মাজহারুল ইসলাম।
জামিনে মুক্তি পাওয়া ভারতীয় দম্পতি হলেন, কামরুল আহমেদ (৩১) ও হাসনা বেগম লস্কর (২৭)। তারা উভয়ই স্বামী-স্ত্রী।
তাদের মধ্যে স্বামী কামরুল আহমেদ এর বাড়ি ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে আর স্ত্রী হাসনা বেগম লস্কর এর বাড়ি ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলায়।
সূত্রে জানা যায়, গত ১৫ মে শুক্রবার ভোরে মৌলভীবাজারের বড়লেখার উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকার সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় ওই দম্পতিকে আটক করে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি।
এ ঘটনায় বড়লেখা থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং- ১৬, তারিখ- ১৫/০৫/২)। এর পর ১৬ মে তাদেরকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
বুধবার (২০ মে) সংশ্লিষ্ট আদালত আইনজীবী মোঃ ইয়াসিন আলী এর জিম্মায় কারাগারে থাকা ভারতীয় দম্পতির জামিন মঞ্জুর করেন।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, আইনজীবীর জিম্মায় যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কারাগারে থাকা ভারতীয় দম্পতিকে মুক্তি দেয়া হয়েছে।