চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার ২৪মে সকাল ৯টার দিকে সৈকতসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত (১৮) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা এবং মো. খায়রুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ২৩ মে বিকেলে পাঁচ বন্ধু প্রাইভেটকারে করে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। একপর্যায়ে তারা সমুদ্রে গোসল করতে নামলে জোয়ারের প্রবল স্রোতে সবাই ভেসে যেতে থাকেন। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার ২৪মে ভোর থেকে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বিত অভিযানে সকাল ৯টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, উদ্ধার শেষে মরদেহ থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার করা হবে। এছাড়া বিচ কমিটির মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত তদারকিও অব্যাহত থাকবে।