চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক যুবক ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের গরু কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবকের প্রাণহানির ঘটনায় যেমন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তেমনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুতেও শোকাহত স্থানীয়রা।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু কিনে বাড়ি ফিরছিলেন মো. নাছির উদ্দীন। সোমবার (২৫ মে) রাত ৯টার দিকে গরু ক্রয় শেষে বাড়ির উদ্দেশে রওনা দিলে উপজেলার পাক্কা মাথা এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত নাছির উদ্দীন উপজেলার ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজির বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
এদিকে একই দিন বিকেল ৫টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বিস্কুট ফ্যাক্টরির পশ্চিমে কালামিয়া সারাংয়ের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ মুহাম্মদ জিহান (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত জিহান ওই এলাকার খোরশেদ আলমের কনিষ্ঠ ছেলে এবং মাদামবিবিরহাটস্থ অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় জিহান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।