× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, ঢাকাগামী বাস বন্ধে চরম দূর্ভোগে যাত্রী

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি

০১ জুন ২০২৬, ১৮:২৭ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।

আজ সোমবার সকাল থেকে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘উপজেলার সর্বস্তরের জনগণের’ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত অবরোধ চলছিল। এ সময় কুড়িগ্রাম বাস মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস চালু করা হয়। তবে কুড়িগ্রাম বাস মালিক সমিতি সোমবার থেকে কোনো কারণ উল্লেখ না করে সার্ভিসটি বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।

এর আগে ৩০ মে মানববন্ধন করে স্থানীয়রা বাস সার্ভিস চালু রাখার দাবি জানান। তখন দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু সোমবার থেকে সার্ভিস বন্ধ হয়ে গেলে স্থানীয়রা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ঢাকার একটি পোশাক কারখানার কর্মী সাহিদা বেগম জানিয়েছেন, তিনি সোমবার সকালে এসএন পরিবহনের বাসে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। তবে কাউন্টারে গিয়ে জানতে পারেন বাস চলবে না। পরে তাকে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়। এখন কীভাবে ঢাকায় ফিরবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

এসএন পরিবহনের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন জানিয়েছেন, সোমবার সকালে তাদের কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ জানিয়েছেন, সমস্যার সমাধানে কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে।

উত্তর ধরলা মোটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা স্থানীয়দের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেছেন, ভূরুঙ্গামারীবাসী সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি সে দাবি মেনে নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টির সমাধানে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের জন্য কুড়িগ্রামে যাওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.