পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পটুয়াখালী নিউমার্কেট সংলগ্ন দয়াল ঘোষের দই-চিড়ার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল খাঁ (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক কামাল খাঁ বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি (ডিসির বাজার) এলাকার মৃত সফেজ খাঁর ছেলে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।