× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

০২ জুন ২০২৬, ২০:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে বাদ জোহর জয়চণ্ডী ইউনিয়নের হজরত বিবিমাই (রহ.) মোকামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল মতিন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুইবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে এলাকাবাসী জানান।

জানাজায় কুলাউড়ার সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মুসল্লিরা জানাজায় অংশ নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.