ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৩ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনাপাড়া মাঠে মো. রফিকুল ইসলাম (পিতা- শামসুল মণ্ডল), গ্রাম- বাঘাডাঙ্গা, ডাকঘর- নেপা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ-এর ঘাসক্ষেত থেকে একটি বিদেশি পিস্তল (Made in USA) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।