× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

​টিভির পর্দা ও খতিবের লেবাসে রুকইয়াহ-হিজামার আড়ালে অপচিকিৎসা!

​এম. এইচ রুবেল, ঝিনাইদহ

০৩ জুন ২০২৬, ১৮:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পবিত্র কুরআন ও সুন্নাহসম্মত চিকিৎসা কেন্দ্রে ঝাড়ফুঁক তথা ‘রুকইয়াহ’ এবং ‘হিজামা’র আড়ালে ঝিনাইদহে দেওয়া হচ্ছে অপচিকিৎসা। বদনজর বা জ্বীনের আছর তাড়ানোর নাম করে ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ, বন্ধ্যাত্ব, কিডনি বিকল ও থাইরয়েডের মতো মানবদেহের চরম জটিল ও জীবনঘাতী রোগের চিকিৎসার ফাঁদ পেতে বসেছেন এক খতিব ও নামধারী টেলিভিশন আলোচক। আধুনিক চিকিৎসাবিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে সাধারণ ও ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, এই কথিত অপচিকিৎসার হোতা মাওলানা এস এম সোহানুর রহমান সাঈদী। তিনি ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়া জামে মসজিদের খতিব এবং এশিয়ান টিভি, চ্যানেল নাইন, এটিএন বাংলা ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত ইসলামি আলোচক। নিজের এই ধর্মীয় পরিচিতি ও মিডিয়া ইমেজকে ঢাল হিসেবে পুঁজি করে তিনি ঝিনাইদহ শহরের কবি গোলাম মোস্তফা রোড, পুরাতন কুষ্টিয়া বাসস্ট্যান্ড (খন্দকার অটো সংলগ্ন) এলাকায় খুলে বসেছেন তথাকথিত ‘কুরআন সুন্নাহ সম্মত চিকিৎসা কেন্দ্র’।

সরেজমিনে ওই সেন্টারে গিয়ে দেখা যায় চোখ কপালে ওঠার মতো বাণিজ্যিক চিত্র। সেখানে সেবার নামে চলছে প্রকাশ্য অর্থলুট। কোনো মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএমডিসি-র নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি কড়া নির্দেশিকা। ​তাতে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে ‘রুকইয়াহ ডায়াগনোসিস বা রোগ নির্ণয় ফি ২,০০০ টাকা, রুকইয়াহ সেশন ফি ৩,০০০ টাকা। এছাড়া হিজামার চার্জ সম্পূর্ণ শরীরের জন্য প্রতি কাপ ১০০ টাকা এবং শুধু মাথার জন্য প্রতি কাপ ২০০ টাকা। উক্ত চার্জ ফিক্সড (নির্ধারিত), সুতরাং দর কষাকষি করিবেন না।’

চিকিৎসাবিজ্ঞানের ন্যূনতম কোনো ডিগ্রি না থাকলেও রোগ নির্ণয় ও সেশনের নামে এভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা সরল-সোজা ও অসহায় রোগীদের ভিড় জমছে। মাথাব্যথা বা অ্যালার্জির মতো সাধারণ সমস্যা থেকে শুরু করে হৃদরোগ ও কিডনি বিকলের মতো সংবেদনশীল রোগের শতভাগ আরোগ্যের গ্যারান্টি দেওয়া হচ্ছে এখানে। চড়া মূল্যের সেশনের পাশাপাশি রোগীদের বাধ্যতামূলক ‘পড়া পানি’ ও ‘তেল’ গছিয়ে দিচ্ছেন তিনি।

​নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, "রুকইয়াহ বা ধর্মীয় দোয়ার প্রতি মানুষের বিশ্বাস থাকতেই পারে। কিন্তু হৃদরোগ বা কিডনি বিকলের মতো জটিল রোগের জন্য নির্দিষ্ট বৈজ্ঞানিক চিকিৎসা প্রয়োজন। এগুলোকে জ্বীনের আছর বলে আধুনিক চিকিৎসা থেকে দূরে রাখা স্পষ্ট অপরাধ এবং এটি রোগীকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার শামিল।"

কোনো মেডিকেল ডিগ্রি বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়া কীভাবে এসব জটিল রোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করছেন এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত এস এম সোহানুর রহমান সাঈদী বলেন, "আমরা তো সাধারণ ঝাড়ফুঁক আর সুন্নতি চিকিৎসা করি আর জটিল ও কঠিন রোগের জন্য হিজামা পদ্ধতিতে চিকিৎসা করি।" তবে থাইরয়েড বা কিডনি রোগের মতো জটিল বিষয়ে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা মেডিকেল জ্ঞান আছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং প্রশ্ন এড়িয়ে যান।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম বলেন, "রুকইয়াহ চিকিৎসার আড়ালে মানবদেহের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ অপচিকিৎসা।" তিনি আরও বলেন, "বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানান। সিভিল সার্জন নির্দেশ দিলেই আমরা এই অবৈধ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।"

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, "রুকইয়াহ ও হিজামার নামে এই ধরণের কোনো প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ অবৈধ। অতি দ্রুত এই কথিত সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সচেতন মহলের দাবি, টেলিভিশনের পর্দায় ধর্মীয় আলোচনা আর মসজিদের খতিবের লেবাস ধরে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার এই অপপ্রয়াস দ্রুত বন্ধ করা হোক। প্রশাসনের কঠোর হস্তক্ষেপই পারে এই অপচিকিৎসা রুখে দিতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.