× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকার অনশন কর্মসূচি সফল করতে নীলফামারীতে সভা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

০৩ জুন ২০২৬, ২০:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ঘোষিত আগামী ৮ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য আমরণ অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে নীলফামারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, স্বল্প সম্মানী এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এ কর্মসূচিকে ঘিরে জেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।

বুধবার (৩ জুন) বিকেলে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা। জেলা শাখার আহ্বায়ক জিকরুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাখা পোস্টমাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান।

সভায় জানানো হয়, আগামী ৮ জুন ঢাকার ডাকঘর ভবনের সামনে শাখা ডাকঘর কর্মচারীদের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরণ অনশন কর্মসূচি পালিত হবে। এতে নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মচারীসহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে হোসেইন সেলিম রেজা বলেন, “শাখা ডাকঘরের কর্মীরা ইউনিয়ন পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। অথচ তারা বছরের পর বছর অতি সামান্য সম্মানীর বিনিময়ে দায়িত্ব পালন করছেন। তাদের জন্য নেই নির্ধারিত বেতন কাঠামো, উৎসব ভাতা, বোনাস, ইনক্রিমেন্ট কিংবা অবসরকালীন আর্থিক নিরাপত্তা।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ সেবাখাতের কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

জেলা সদস্য সচিব জামিল আহমেদ বলেন, “বর্তমানে একজন শাখা ডাকঘর কর্মচারী মাসে চার হাজার টাকার কিছু বেশি সম্মানী পান, যা দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য। আমরা মানবেতর জীবনযাপন করছি। সরকারের কাছে আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।”

সভায় বক্তারা জানান, অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি, স্বতন্ত্র বেতন স্কেল, দৈনিক ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নিয়মিত নিয়োগ, অবসরকালীন ভাতা ও চাকরির নিরাপত্তাসহ ৯ দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শাখা ডাকঘরের কর্মীরা।

দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। একই সঙ্গে আগামী ৮ জুনের আমরণ অনশন কর্মসূচিতে নীলফামারীসহ সারাদেশের শাখা ডাকঘর কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.