× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীর দুই শিশু সন্তান নিহত, আহত ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০৪ জুন ২০২৬, ২০:০৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলীর দুই শিশু সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় প্রকৌশলী, তার স্ত্রী ও মা গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব পরিবার-পরিজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আকিবের চার মাস বয়সী ছেলে ইজাজ নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী ছেলে ইহান এবং আকিবের মা কনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে হাসপাতালে নেওয়ার পথে চার বছর বয়সী শিশু ইহানও মারা যায়। বর্তমানে আহত আকিব, তার স্ত্রী এ্যানী ও মা কনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.