বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি সন্তান ও বিএনপির ত্যাগী নেতা ইখতিয়ার রহমান কবির। বৃহস্পতিবার (৪ জুন) ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইখতিয়ার রহমান কবির ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। ছাত্রদলের রাজনীতিতে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও ত্যাগের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রায় এক বছর কারাবরণ করতে হয়। কারামুক্তির পর তিনি পুনরায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।
দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ, কারাবরণ এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইখতিয়ার রহমান কবিরের এ পদোন্নতিতে পটুয়াখালী জেলা, বিশেষ করে গলাচিপা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতারা এটিকে জেলার রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ইখতিয়ার রহমান কবির দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের সংগ্রামে আগামীতেও সক্রিয় ভূমিকা রাখব।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে ইখতিয়ার রহমান কবিরের নেতৃত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
