× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পতিত জমিতে আউশ বীজ উৎপাদনে সাফল্য, ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

০৬ জুন ২০২৬, ১১:৩৮ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারীর ডোমার উপজেলার বিএডিসির ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের পতিত জমিতে আউশ ধানের ভিত্তি বীজ উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে খামারের ২১১ একর জমিতে খরাসহিষ্ণু ব্রি ধান-৯৮ জাতের আউশ ধানের বীজ উৎপাদন করা হয়েছে।

বিএডিসি সূত্রে জানা গেছে, ডোমার ও দেবীগঞ্জ খামার মিলিয়ে মোট ৬০১ একর আবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ২১১ একরে আউশ, ২০০ একরে ধইঞ্চা এবং বাকি জমিতে আমন আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে ৩১৬ থেকে ৪০০ মেট্রিক টন আউশ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আউশ চাষে সহায়ক হবে।

খামার কর্তৃপক্ষ জানায়, আগে আলু উৎপাদনের পর দীর্ঘ সময় জমি পতিত থাকলেও ২০২১ সাল থেকে ধাপে ধাপে এসব জমিতে আউশ বীজ উৎপাদন শুরু হয়। গত পাঁচ বছরে খামার থেকে প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন আউশ বীজ উৎপাদিত হয়েছে।

খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা বলেন, আউশ আবাদে মাটির স্বাস্থ্য ভালো থাকে, রোগবালাই কমে এবং কৃষকরা মানসম্মত বীজ পান। মাত্র ১১২ দিনে ফসল ঘরে তোলা যায় বলে একই জমিতে পরবর্তীতে আমন, আলু, ভুট্টা, সরিষা ও বিভিন্ন সবজি চাষের সুযোগ সৃষ্টি হয়।

বর্তমানে চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা, মাড়াই ও বীজ গ্রেডিং পর্যন্ত সব কার্যক্রম যান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এ উদ্যোগে স্থানীয় ৩০০ থেকে ৪০০ শ্রমিকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে স্বল্পমেয়াদি ও খরাসহিষ্ণু আউশ ধানের বীজ উৎপাদনে ডোমার বিএডিসির এই উদ্যোগ দেশের খাদ্য ও বীজ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.