× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণমাধ্যম থাকবে স্বাধীন, হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এম. তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো

০৬ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই সাংবাদিকদের পাশে থেকেছে।

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সাংবাদিকবান্ধব নানা কর্মসূচি সরকার হাতে নিচ্ছে। তারা যেমন সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করেছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। এখন পর্যন্ত কোনো সংবাদ প্রকাশে সরকার চাপ প্রয়োগ করেছে বলে কেউ বলতে পারবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ, গণমাধ্যম থাকবে স্বাধীন এবং চলবে নিজস্ব গতিতে। একটি স্বাধীন-সার্বভৌম দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে।

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ সভাপতিত্ব করেন। উদ্বোধক ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য 

আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের সংবাদ প্রকাশে নানাভাবে বাধা দেওয়া হতো, ভয়ভীতি দেখানো হতো এবং পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। বিএনপি সরকার অতীতেও সাংবাদিকদের কাজে কোনো হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্য ও ভুয়া তথ্য মোকাবিলায় সরকার কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং চরিত্রহননের ঘটনাও ঘটছে। এটি এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, এআই প্রযুক্তির সুফল ও কুফল সম্পর্কে সাংবাদিকদের সচেতন করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল সাংবাদিককে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সাংবাদিকদের আবাসন, বকেয়া বেতন, কর্মসংস্থান এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। সম্পাদক পরিষদের বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়েও মালিকপক্ষের প্রতি আহ্বান জানান।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের প্রত্যাশা বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। দেশ পরিচালনায় সবার সহযোগিতার পাশাপাশি গঠনমূলক সমালোচনাও প্রয়োজন। এর মাধ্যমে ভুলত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, সমাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে এগিয়ে নিতে অপরাধী ছাড়া সবাইকে নিয়ে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা স্থানীয় সমস্যা তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ওসমান গনি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারেক আহমদসহ বিশিষ্ট সাংবাদিক, পেশাজীবী ও সুধীজন।

অনুষ্ঠানে সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.