“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতাল চত্বর ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।