দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার, জ্বালানি তেল ও বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে।
শনিবার (৬ জুন) প্রেসক্লাব চত্ত্বরে শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি এ্যাড. পলাশ কান্তি নাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আবদুল জব্বার, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের সদস্য সুলতানা আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ক্ষমতা হস্তান্তরের তিনদিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সাথে অধীনতামুলক গোলামীর বাণিজ্য চুক্তি করেছে। এ বিষয়ে সংসদে সরকারি দল কিংবা বিরোধী দল কেউ কোনো কথা বলছে না। এই চুক্তি বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য আমেরিকার জালে বন্দী করার নামান্তর। দেশের অর্থনীতি, সামরিক ও ভু-রাজনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের এমন চুক্তির নজির নেই।
বক্তারা আরও বলেন, তৎকালীন ইউনুস সরকারের অবহেলা ও দায়িত্বহীনর কারণে সময়মত হামের টিকা না দেওয়ায় এখন পর্যন্ত ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগম এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অবিলম্বে শিশু মৃত্যুর দায়ে ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগমের বিচার করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার মুখে সবার আগে বাংলাদেশের কথা বললেও কার্যত জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে।
এসময় গণতান্ত্রিক অধিকার আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহবান জানানো হয়।