× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

০৭ জুন ২০২৬, ১৯:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন নীতির কারণে সৃষ্ট বহুমাত্রিক সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর, পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রোববার (৭ জুন) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে। “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের” দাবিকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যদের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার, কার্বন নিঃসরণ হ্রাস, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শুধু প্রতীকী কর্মসূচি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয় হলেও বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ সংরক্ষণ, পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা এবং সংশ্লিষ্ট খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষার নামে কোনো ধরনের অনিয়ম, অপচয় বা দুর্নীতির সুযোগ সৃষ্টি হলে তা দেশের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।”

সমাবেশে বক্তব্য দেন সনাক সদস্য নাসিমা বেগম ও মো. মিজানুর রহমান লিটু, ইয়েস সদস্য ফারজানা আক্তার আরিফা, এসিজি সদস্য নির্মল চন্দ্র রায় এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটরসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। ঘন ঘন বন্যা, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বিস্তার দেশের পরিবেশ, কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।

তারা আরও বলেন, জলাভূমি দখল, বনভূমি উজাড়, নদী দূষণ, প্লাস্টিক বর্জ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা দেশের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, পরিবেশবিষয়ক অপরাধ দমন, শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এ সময় টিআইবির পক্ষ থেকে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়।

সুপারিশসমূহের মধ্যে ছিল—জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর, পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ আদালত আইন সংশোধন ও কার্যকর প্রয়োগ, ই-বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জলাভূমি ও বনভূমি সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং পরিবেশ ও জ্বালানি খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠা।

বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলা কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং রাষ্ট্র, স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে টিআইবি ও সনাকের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.