× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৮ জুন ২০২৬, ০৭:৫৯ এএম

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন।

মৃতরা হলো উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুই মরহুম মোকলেসুর রহমানের নাতনি। একই পরিবারের দুই ভাইয়ের একমাত্র কন্যাসন্তান হওয়ায় তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একই পরিবারের দুই ভাইয়ের দুই অবুঝ শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ বিষয়ে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী বলেন, “ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, গ্রামীণ এলাকায় পুকুর ও জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে গ্রীষ্মকাল ও ছুটির সময়ে শিশুদের অবাধ চলাচলের কারণে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। সচেতনতা বৃদ্ধি এবং জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে উত্তর সোনাখুলী গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.