জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড এলাকায় সড়কের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিহিত একদল তরুণকে রাস্তার মাঝখানে ভিডিও ও মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করতে দেখা যায়। এ সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার হাওয়াই রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা কয়েকজন তরুণ সড়কের মাঝখানে দাঁড়িয়ে গান বাজিয়ে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও ধারণ করছেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। কিন্তু ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করা মোটেও গ্রহণযোগ্য নয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিনোদনের নামে এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিত।”
তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আয়োজনের উদ্যোক্তা ও আর্জেন্টিনা সমর্থক রাহিদা লগ্না। তিনি বলেন, “আমরা আর্জেন্টিনাকে নিয়ে একটি মৌলিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করছি। এটি কোনো টিকটক ভিডিও নয়, বরং পরিকল্পিত একটি মিউজিক ভিডিও। দুপুরের সময় মানুষের চলাচল তুলনামূলক কম থাকায় এবং এলাকার সৌন্দর্য তুলে ধরার উদ্দেশ্যে সেখানে ভিডিও ধারণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে ভোগান্তিতে ফেলা নয়।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছি। ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য হচ্ছে। তবে আমাদের মূল লক্ষ্য ছিল মাদারগঞ্জের সৌন্দর্য ও সম্ভাবনাকে তুলে ধরা। আমি মাদারগঞ্জের মেয়ে। নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছি। দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু নিজের এলাকার সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার আগ্রহ থেকেই এই আয়োজন।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ এটিকে সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সমালোচনা করছেন। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে জনসাধারণের নিরাপত্তা ও যান চলাচল বিঘ্নিত না করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত।