× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে ৫০০ উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৪ জুন ২০২৬, ১০:২০ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সমাজের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০ জন উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের অর্থ উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম অসহায় মানুষের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা। প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ, অর্থনৈতিক সংকট ও নানামুখী সামাজিক চ্যালেঞ্জের মধ্যে নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।

অনুদানপ্রাপ্তদের অনেকেই জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এই অর্থ তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে ৫০০ জন হতদরিদ্র, দুস্থ, প্রতিবন্ধী, অসুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের মাঝে পর্যায়ক্রমে অনুদানের অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.