× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে যুবদলের শক্তি প্রদর্শন, মোটরসাইকেল শোভাযাত্রায় মুখর রাজপথ

মো. সোহাগ আরেফিন , গুরুদাসপুর (নাটোর)

২৩ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

রাজনীতির উত্তাপ যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাঠঘাট থেকে জনপদে, তখন নাটোরের গুরুদাসপুরে নিজেদের সাংগঠনিক শক্তি ও অবস্থানের জানান দিল উপজেলা যুবদল। মোটরসাইকেলের গর্জন আর স্লোগানের ধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলা পৌর সদর। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির বিরোধিতার ঘোষণা দিয়ে আয়োজিত হয় এ শোভাযাত্রা।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার শাপলা চত্বর থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।  মোটরসাইকেলের বহর নিয়ে তারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা চলাকালে রাজপথজুড়ে সৃষ্টি হয় উৎসুক জনতার কৌতূহল, আর রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রা শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব ও রিপন সিং। বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকারও আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর যুবদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মো. সেলিম শাহসহ উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনের কর্মসূচি শেষে রাজনৈতিক মহলে নানা আলোচনা-পর্যালোচনার জন্ম দেয় এ শোভাযাত্রা। নেতাকর্মীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে এটি একদিকে যেমন সাংগঠনিক শক্তির প্রদর্শনে রূপ নেয়, তেমনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন বার্তা ছড়িয়ে দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.