জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও বেগবান, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে বান্দরবানের রুমা উপজেলায় মৌজা হেডম্যান ও কারবারিদের অংশগ্রহণে চার ইউনিয়নের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পর্যায়ে নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, সময়মতো নিবন্ধন সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং মাঠপর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুস্থানে সভাপতি ছিলেন রুমা উপজেলায় নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।
প্রশিক্ষণ প্রথম দিনের উপস্থিত ছিলেন ১নং পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মার্মা, রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম, আর আজ প্রশিক্ষণের উপস্থিত ছিলেন ২ নং রুমা সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মার্মা সাথে গালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো এবং সাথে চার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সহ চার ইউনিয়নের কারবারি এবং হেডম্যান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
প্রশিক্ষকরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এটি একজন নাগরিকের আইনগত পরিচয় নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অপরিহার্য। একইভাবে সঠিক জনসংখ্যা তথ্য সংরক্ষণ ও প্রশাসনিক পরিকল্পনা প্রণয়নে মৃত্যু নিবন্ধনের গুরুত্বও অপরিসীম।
আলোচনায় বক্তারা আরও বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর কাছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরতে মৌজা হেডম্যান ও কারবারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ থাকায় নিবন্ধন কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সময়মতো নিবন্ধন নিশ্চিত করতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিবন্ধন সংক্রান্ত আইন, অনলাইন নিবন্ধন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং বাস্তব সমস্যার সমাধান বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং মাঠপর্যায়ে নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উপজেলা প্রশাসন, রুমার বাস্তবায়নে এবং ২নং রুমা সদর ও ৪নং গ্যালেঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নিবন্ধন কার্যক্রম জোরদারে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
