প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে পাগলারহাট দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সুপারের অনুপস্থিতিতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ সার্বিক পরিচালনায় মারাত্মক ব্যাঘাত ঘটেছে।
মামলার বিবরণে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ৮নং চেংমারী ইউনিয়নের পাগলারহাট দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামের বিরুদ্ধে জনৈক ব্যক্তি চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ এনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
মামলাটিতে গত ৩ জুন সুপার শহিদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক অভিযোগ পর্যালোচনা করে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অদ্যাবধি তিনি কারাগারে আটক রয়েছেন।
এদিকে সুপারবিহীন অবস্থায় পাগলারহাট দাখিল মাদ্রাসার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
এ পরিস্থিতি নিরসনে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে জনৈক বাদশা সরকার মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়ে দ্রুত ভারপ্রাপ্ত সুপার নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন।