× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিরকুটে লেখা ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’, আতঙ্কে পরিবার

মেহেরপুর প্রতিনিধি।

০১ জুলাই ২০২৬, ১৩:৫০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে রজব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে, পানি নামতে না দিলে বোম মেড়ে মেরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রজব আলী ও তার পরিবারের সদস্যরা সিঁড়ির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রজব আলী বিষয়টি গাংনী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিনিসগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ একটি বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.