× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে বিদ্যালয়ের সামনে পিকআপের ধাক্কায় দুই শিক্ষার্থী গুরুতর আহত, বিক্ষোভে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

০১ জুলাই ২০২৬, ১৮:২৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদারগঞ্জ–জামালপুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। আহত দুই শিক্ষার্থী হলো ভেলামারি এলাকার মৃত জলিলের ছেলে শাওন এবং রইচ উদ্দিনের ছেলে জিহাদ। তারা ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঘাতক পিকআপ ভ্যানের চালককে দ্রুত গ্রেপ্তার, বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণ, অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণ এবং স্থায়ীভাবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, “এই সড়কের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মসজিদ রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু এখানে কোনো স্পিড ব্রেকার বা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজকের ঘটনার পর এলাকাবাসী আর নীরব থাকতে পারেনি।”

ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলী বলেন, “বিদ্যালয়ে আসার সময় দুই শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বিদ্যালয়ের সামনে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। বিদ্যালয়ের সামনে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার বিষয়েও প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।
এদিকে, একের পর এক সড়ক দুর্ঘটনায় ভেলামারি এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী এমন দুর্ঘটনার শিকার না হয়, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.