চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক রিপন হোসেনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
রোববার বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোসপুর গ্রামের ব্রিজপাড়া এলাকায় নিহত রিপন হোসেনের বাড়িতে যান ইউএনও। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত শনিবার সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে শাহা ইটভাটার সামনে একটি আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক রিপন হোসেন নিহত হন। তিনি সন্তোসপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের পাশে রাখা ইটের স্তুপ দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ, নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তা প্রদানকে এলাকার বাসিন্দারা মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন।