মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে মনুনদীর ভাঙনে সৃষ্ট বন্যায় একই দিনে বানের পানিতে ভেসে আসা দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর একটি মরদেহ অজ্ঞাত বয়সী কিশোরী আর আরেকটি আকুয়া গ্রামের আশরাফ মিয়া আশই (৬৫) নামের এক বৃদ্ধের।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে ও একই দিন বিকাল ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে রাজনগর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। এ ঘটনায় বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্খানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টার দিকে আকুয়া গ্রামে স্থানীয়রা দেখতে পান বন্যার পানিতে ভাসছে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ। পরে তারা থানায় খবর দিলে স্থানীয়দের সহায়তায় রাজনগর থানা পুলিশ এসে পানি থেকে মরদেহটি উদ্ধার করে ভ্যান গাড়িতে করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। একই দিন সকালে আকুয়া গ্রামের বাসিন্দা আশরাফ মিয়া আশই নামে এক বৃদ্ধের মরদেহ বন্যার পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় তাড়াহুড়োর মধ্যে বৃদ্ধ আশরফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান। এরপর ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
সরেজমিন টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে গিয়ে দেখা যায়, শতশত পরিবার পানিবন্দী হয়ে গবাদি পশু সহ অস্থায়ী আশ্রয় নিয়েছেন ওয়াপদা বাঁধের উপর। সেই বাঁধের উপরই অজ্ঞাত কিশোরীর অর্ধ গলিত মরদেহ রাখা অবস্থায় পাওয়া যায়। এ সময় মরদেহের পঁচা গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে। গন্ধ ছড়িয়ে পড়ায় বাঁধের উপর দিয়ে যাতায়াত করা লোকজনকেও নাক বন্ধ করে হেটে যেতে দেখা গেছে।
রাজনগর থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, আকুয়া গ্রামে একটা লাশ ভেসে আছে। এমন সংবাদের পর আমরা দ্রুত এখানে আসি। আসার পর স্থানীয় লোকজনের সহায়তায় লাশটা পানি থেকে উঠানো হয়। লাশটা অর্ধ গলিত। সম্ভবত কয়েকদিন আগের হবে। স্থানীয়রা বলছেন লাশটা মনুনদীর পানি থেকে ছড়ার মাধ্যমে এখানে ভেসে আসে। কিশোরী বয়সী এই লাশটার পরিচয় শনাক্ত করা যায়নি। আমাদের সিআইডি বিশেষঞ্জ রয়েছেন বা পিবিআই রয়েছে, তারা ফিঙ্গার সংগ্রহ করে চেষ্টা করবে পরিচয় শনাক্তের জন্য। পরিচয় শনাক্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। আর পরিচয় শনাক্ত না হলে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজনগর উপজেলার উজিরপুর নামক স্থানে মনুনদীর বাঁধ ভেঙে ৫টি ইউনিয়নের ৩০ থেকে ৩৫টি গ্রমা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৫০ হাজার মানুষ।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল সিকদার বানের পানিতে ভেসে আসা দুটি মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন শুক্রবার রাতে ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
