ময়মনসিংহের ভালুকায় উদ্দীপন মৎস্য খামার ও কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি খামার দুটি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, খামার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যতম সম্ভাবনাময় মৎস্য উৎপাদন এলাকা হিসেবে ভালুকার ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে এ অঞ্চল জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
তিনি জানান, ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র, মাছের খাদ্য পরীক্ষাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় খামারি ও উদ্যোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী মৎস্য খাত গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় উদ্যোক্তা ও খামারিদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ভালুকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি উদ্দীপন মৎস্য খামার ও কুমির খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ সম্প্রসারণ বিষয়ে খামার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।