চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ জুলাই) পরিচালিত এ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— দক্ষিণ ইদিলপুর গ্রামের মৃত সামছুল আলমের ছেলে সেলিম উদ্দীন। তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া ইয়াকুবনগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং পন্থিছিলা গ্রামের মৃত ফয়জুল্লাহর ছেলে মো. আলাউদ্দীনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।