বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শহরের বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পাহাড়ী-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মার্মা।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উবামং মার্মা বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বন্যা-পরবর্তী সময়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট মোকাবিলায় এ ধরনের সহায়তা দুর্গত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির নেতাকর্মী, এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।